জাতীয়

তিন দিনের সফরে মঙ্গলবার ঢাকা আসছেন মার্কিন প্যাসিফিক ফ্লিট কমান্ডার স্টিফেন কোহলার

  প্রতিনিধি 3 August 2026 , 8:25:22 প্রিন্ট সংস্করণ

যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিট বা প্রশান্ত মহাসাগরীয় নৌ বহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন কোহলার তিন দিনের সরকারি সফরে আগামীকাল মঙ্গলবার (০৪ আগস্ট) বাংলাদেশে আসছেন। ঢাকা ও ওয়াশিংটনের মধ্যকার চলমান কূটনৈতিক ও সামরিক সম্পর্কের অংশ হিসেবে তিনি ২২ সদস্যের একটি নৌ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সোমবার (৩ আগস্ট) ঢাকাস্থ মার্কিন দূতাবাস আনুষ্ঠানিকভাবে এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সাম্প্রতিক ঢাকা সফরের মাত্র তিন দিনের মাথায় শীর্ষ এই সামরিক কর্মকর্তার আগমনকে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে নতুন গুরুত্ব হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের কৌশলগত অবস্থান এবং দ্বিপক্ষীয় সামরিক সম্পর্ক জোরদার করাই এই সফরের মূল লক্ষ্য। সফরকালে অ্যাডমিরাল কোহলার বাংলাদেশের সামরিক ও প্রশাসনিক নীতিনির্ধারকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। এসব আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা, সামুদ্রিক সীমানা সুরক্ষা এবং সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির বিষয়গুলো প্রাধান্য পাবে।

অ্যাডমিরাল স্টিফেন কোহলারের বর্ণাঢ্য সামরিক ক্যারিয়ারে তিনি ইউএসএস কার্ল ভিনসনের এক্সিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ফাইটার স্কোয়াড্রন ১৪৩, ইউএসএস বাতান এবং বিমানবাহী রণতরী ইউএসএস ডোয়াইট ডি আইজেনহাওয়ারের কমান্ডিং অফিসার হিসেবেও তিনি কাজ করেছেন। মধ্যপ্রাচ্যে অপারেশন ডেজার্ট স্টর্ম, সাউদার্ন ওয়াচ, ইরাকি ফ্রিডম ও ইনহেরেন্ট রিজলভসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক অভিযানে তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে।

কর্মজীবনে তিনি হাইতিতে ভয়াবহ ভূমিকম্প পরবর্তী জরুরি দুর্যোগ ত্রাণ তৎপরতায় নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি পূর্ব ও দক্ষিণ চীন সাগরে আন্তর্জাতিক নৌ অপারেশনে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছেন। তার এই সফর দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে বোঝাপড়া ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content