প্রতিনিধি 4 August 2026 , 9:53:29 প্রিন্ট সংস্করণ

সিটি করপোরেশনের বিভিন্ন দপ্তরে চলমান অনিয়ম ও দুর্নীতির তদন্তের স্বার্থে চারজন কর্মকর্তাকে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তদন্ত চলাকালে অভিযুক্তরা গোপনে দেশ ত্যাগ করতে পারেন এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্থানীয় সরকার বিভাগ এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাদের বিদেশযাত্রা ঠেকাতে সংশ্লিষ্ট সব ইমিগ্রেশন চেকপোস্টকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় আসা চার কর্মকর্তা হলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যান্ত্রিক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনিসুর রহমান, বরিশাল সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ বোরহান উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মোহাম্মদ শাহীন-উল ইসলাম চৌধুরী এবং একই সংস্থার নির্বাহী প্রকৌশলী (পুর-অতিরিক্ত দায়িত্ব) ফারজানা মুক্তা। উল্লেখ্য, শাহীন-উল ইসলাম চৌধুরীকে ময়মনসিংহে এবং ফারজানা মুক্তাকে রংপুরে বদলির আদেশ দেওয়া হয়েছিল।
গত ২৬ জুলাই স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি গোপনীয় চিঠি ইস্যু করা হয়। যুগ্ম সচিব মো. রবিউল ইসলামের স্বাক্ষরিত এই চিঠিতে অভিযুক্তদের নাম, পদবি, স্থায়ী ঠিকানা এবং পাসপোর্টের অনুলিপি সংযুক্ত করে দেওয়া হয়েছে। সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এই নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।
চিঠির অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, পুলিশের বিশেষ শাখা (এসবি), ইমিগ্রেশন শাখার অতিরিক্ত মহাপরিদর্শক এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্তদের ওপর এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে প্রশাসনিক সূত্রে নিশ্চিত করা হয়েছে।
সূত্র: যুগান্তর



















