আন্তর্জাতিক

ইসরায়েল ছাড়ছেন রেকর্ড সংখ্যক মানুষ: মেধা পাচারের ঝুঁকিতে দেশটির অর্থনীতি

  প্রতিনিধি 4 August 2026 , 6:20:22 প্রিন্ট সংস্করণ

ইসরায়েলের প্রভাবশালী দৈনিক ইয়েদিওথ আহরোনোথ তেল আবিব বিশ্ববিদ্যালয়ের একটি সাম্প্রতিক গবেষণার তথ্য প্রকাশ করেছে। এতে দেখা গেছে, গত তিন বছরে প্রায় ২ লাখ ৬৯ হাজার মানুষ দীর্ঘমেয়াদে ইসরায়েল ত্যাগ করেছেন। ২০২৩ সালে শুরু হওয়া এই দেশ ছাড়ার প্রবণতা ২০২৪ সালে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। গবেষণার তথ্য অনুযায়ী, ২০২৩ সালে অন্তত তিন মাস বা তার বেশি সময়ের জন্য ৮৬ হাজার ৫০৯ জন দেশ ছাড়েন। পরবর্তীতে ২০২৪ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯১ হাজার ৪৯৯ জনে এবং ২০২৫ সালে আরও ৯০ হাজার ৯২২ জন ইসরায়েল ত্যাগ করেন।

গবেষণার পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত তিন বছরে গড়ে বছরে প্রায় ৯০ হাজার মানুষ দেশ ছেড়েছেন। অথচ ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত এই গড় ছিল বছরে প্রায় ৬০ হাজার। এর আগে ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে মোট ১ লাখ ৮৩ হাজার ২১৯ জন দেশ ছেড়েছিলেন, যা সাম্প্রতিক সময়ের তুলনায় অনেক কম। এই তথ্য ইসরায়েলের বর্তমান অভিবাসন পরিস্থিতির একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়।

ইয়েদিওথ আহরোনোথের প্রতিবেদন অনুযায়ী, দেশ ছাড়ার এই তালিকায় চিকিৎসক, পিএইচডিধারী গবেষক, প্রকৌশলী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং উচ্চ আয়ের পেশাজীবীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ইসরায়েলের অর্থনীতি মূলত উচ্চপ্রযুক্তি খাত ও জ্ঞানভিত্তিক শিল্পের ওপর নির্ভরশীল হওয়ায়, দক্ষ জনশক্তির এই প্রস্থান দীর্ঘমেয়াদে দেশটির অর্থনীতির জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই গবেষণা এমন এক সময়ে প্রকাশিত হলো যখন ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধের পাশাপাশি লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরানেও ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্যমতে, গাজা যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৯৬৬ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে ইসরায়েলের মোট জনসংখ্যা এক কোটির কিছু বেশি, যার মধ্যে এই জনশক্তি হ্রাসের বিষয়টি নীতি-নির্ধারকদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

গত তিন বছরে প্রায় ২ লাখ ৭০ হাজার জন দীর্ঘমেয়াদের জন্য ইসরায়েল ছেড়েছেন।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content