প্রতিনিধি 17 August 2026 , 1:35:37 প্রিন্ট সংস্করণ

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্টির বিষয়টি জনগণই নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আমরা সবসময়ই বলব যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়েছি, তবে জনমানুষের প্রত্যাশা অনুযায়ী কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে আরও সময়ের প্রয়োজন। আজ সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের এখন মাত্র ছয় মাস পার হলো। এই স্বল্প সময়ের মধ্যে আমরা অনেক সংস্কার কাজ করেছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসনীয় বিভিন্ন উদ্যোগ আপনারা দেখতে পেয়েছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা দুই-একটি সংকটময় মুহূর্ত খুব সফলতার সঙ্গে মোকাবেলা করেছি। বিশেষ করে মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহ নিয়ে সারা বিশ্বে যে সংকট সৃষ্টি হয়েছিল, বাংলাদেশও তার প্রভাবমুক্ত ছিল না।
সালাহউদ্দিন আহমদ আরও জানান, আমরা দীর্ঘ এক মাস পর্যন্ত কোনো জ্বালানি তেল বা গ্যাসের মূল্য বৃদ্ধি করিনি। একটা পর্যায়ে বোরো মৌসুম শেষ হওয়ার পর আমরা সহনীয় মাত্রায় জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেছি। আমাদের গ্যাস ও জ্বালানি সংকট মূলত বিগত ফ্যাসিবাদী সময়ে রেখে যাওয়া সমস্যা। আমরা রাতারাতি এখান থেকে উত্তরণ ঘটাতে পারিনি, তবে এই সংকটগুলো সফলভাবে মোকাবেলার চেষ্টা করছি।
ভবিষ্যতে যাতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং জ্বালানি তেলের সরবরাহ ঠিক রেখে একটি নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত মজুদ রাখা সম্ভব হয়, সেই পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে। বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপগুলো জনস্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সূত্র: আলোকিত বাংলাদেশ



















