প্রতিনিধি 17 August 2026 , 12:30:29 প্রিন্ট সংস্করণ

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর নিয়ে প্রথমবারের মতো কোনো সরকারি নথিতে নবম জাতীয় পে স্কেলের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকে এই নতুন বেতন কাঠামোর প্রতিশ্রুতি ও বাস্তবায়নের পদ্ধতি তুলে ধরা হয়েছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ১ম থেকে ২০তম গ্রেড পর্যন্ত সব সরকারি চাকরিজীবীর মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। সচিব কমিটির সব সদস্য ইতিমধ্যে এই চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর করেছেন। নতুন এই পে স্কেলটি দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে; যেখানে প্রথম বছরে মূল বেতন এবং দ্বিতীয় বছরে বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
বাজেট বরাদ্দের বিষয়ে ই-বুকে উল্লেখ করা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরে বেতন-ভাতার জন্য ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা এবং পেনশন ও গ্র্যাচুইটিসহ মোট ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এদিকে সোমবার অর্থ মন্ত্রণালয়ে পে কমিশন নিয়ে আয়োজিত এক বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, চলতি বছরেই নবম জাতীয় পে স্কেল কার্যকর করা হবে। অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে তিনি আরও বলেন, পে-কমিশনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। তবে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় অধিকতর পর্যালোচনার প্রয়োজন রয়েছে। সরকার শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে এবং পরবর্তী আলোচনার জন্য সংশ্লিষ্টরা আবারও বৈঠকে বসবেন।
সূত্র: যুগান্তর



















