প্রতিনিধি 5 August 2026 , 12:30:29 প্রিন্ট সংস্করণ

পরিবহন খাতে গ্যাস সংকটের কারণে প্রতিদিন প্রায় ১২৫ কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে এবং নষ্ট হচ্ছে ৯ কোটি কর্মঘণ্টা। এই সংকট নিরসন ও সিএনজি ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে খোলা ক্যাসকেড সিলিন্ডারে গ্যাস বিক্রি বন্ধের দাবিতে সোচ্চার হয়েছে ‘২৪ ঘণ্টা সিএনজি (গ্যাস) সরবরাহ বাস্তবায়ন ঐক্য পরিষদ’। মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি উত্থাপন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের আহ্বায়ক বেলাল আহমেদ। তিনি জানান, ২০০২ সালে দেশে পরিবেশবান্ধব সিএনজিচালিত যানবাহনের যাত্রা শুরু হওয়ার পর বর্তমানে প্রায় ৫০ লাখ গাড়ি সড়কে চলাচল করছে। তবে মহেশখালী এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে তীব্র গ্যাস সংকট তৈরি হয়েছে। সিএনজি স্টেশনগুলোতে ন্যূনতম ১৫ পিএসআই চাপ থাকার কথা থাকলেও বর্তমানে মাত্র ৪-৫ পিএসআই চাপ পাওয়া যাচ্ছে, যা পরিবহন খাতের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে ৫ দফা দাবি তুলে ধরা হয়েছে। প্রথমত, দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রেখে যানবাহনের জন্য নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, পাম্প থেকে অবৈধভাবে সিলিন্ডারে বা কাভার্ডভ্যানে গ্যাস বিক্রি অবিলম্বে বন্ধ করতে হবে এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।
তৃতীয় দাবিতে বলা হয়েছে, সিএনজি স্টেশনগুলোর জন্য বরাদ্দকৃত ৪.৫০ শতাংশ গ্যাস যেন অন্য কোনো খাতে ব্যবহার করা না যায়, সেজন্য পৃথক লাইন স্থাপন করতে হবে। চতুর্থত, শুধুমাত্র বৈধ সিএনজিচালিত যানবাহনেই গ্যাস সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
পঞ্চম দাবিতে বলা হয়েছে, ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে গ্যাস বিতরণ করতে হবে। এছাড়া ভিআইপি সুবিধা বাতিল, কৃত্রিম সংকট ও মিটার কারসাজি রোধ এবং ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানানো হয়েছে।
দাবি আদায়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছেন আহ্বায়ক বেলাল আহমেদ। আগামী ১৬ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর ২৪ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে গণজমায়েত করা হবে এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করা হবে।
সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব মো. গোলাম ফারুকসহ সিএনজিচালিত পরিবহন খাতের বিভিন্ন পর্যায়ের মালিক ও শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা দ্রুত এসব দাবি বাস্তবায়নের মাধ্যমে পরিবহন খাতের চলমান স্থবিরতা দূর করার আহ্বান জানান।
সূত্র: যুগান্তর



















