রাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

  প্রতিনিধি 16 August 2026 , 6:32:54 প্রিন্ট সংস্করণ

রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্বাচনী কর্তা হিসেবে এই মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন করেন।

নির্বাচন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এই বাছাই প্রক্রিয়ায় বিএনপির পক্ষে দলটির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায় এবং জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি ও হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু উপস্থিত ছিলেন। মির্জা ফখরুলের নামে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল, যার মধ্যে একটি বৈধ ঘোষিত হওয়ায় নিয়ম অনুযায়ী অন্যটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে।

একই প্রক্রিয়ায় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে। অলি আহমদের ক্ষেত্রেও দুটি মনোনয়নপত্র জমা পড়ায় একটি বৈধ ও অন্যটি বাতিল বলে গণ্য হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। এরপর ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সংসদ সদস্যরা ভোটার হিসেবে প্রকাশ্য ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। এ লক্ষ্যে ওইদিন জাতীয় সংসদের বিশেষ বৈঠক ডাকা হয়েছে।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content