প্রতিনিধি 8 August 2026 , 4:17:15 প্রিন্ট সংস্করণ

শুক্রবার (৭ আগস্ট) দিবাগত গভীর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে অবস্থিত বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের ঘটনায় মুহূর্তেই লাউঞ্জসহ আশপাশের এলাকা ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এক প্রত্যক্ষদর্শী বলেন, হঠাৎ করে লাউঞ্জের ভেতরে ধোঁয়া দেখতে পাই। এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে দ্রুত নিরাপদ আশ্রয়ের খোঁজে সরে যান। তবে বড় ধরনের বিপদ ঘটার আগেই লাউঞ্জের কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার প্রাথমিক চেষ্টা করেন।

ঘটনার খবর পেয়ে বিমানবন্দরের ভেতরে থাকা ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ শুরু করেন এবং পরিস্থিতি স্বাভাবিক করেন। জানা গেছে, রাতে বলাকা লাউঞ্জের রান্নাঘরে থাকা একটি বৈদ্যুতিক কেবল থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। অগ্নিকাণ্ডের সময় বলাকা লাউঞ্জে যাত্রীসেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল, যার ফলে বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল কাইয়ুম ভোর ৪টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা লাউঞ্জের রান্নাঘরে বৈদ্যুতিক গোলযোগ থেকে ছোট পরিসরে আগুনের সূত্রপাত হয়। লাউঞ্জের কর্মীদের তৎপরতা এবং ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন আর ছড়িয়ে পড়তে পারেনি। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত আছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সূত্র: আলোকিত বাংলাদেশ



















