জাতীয়

সংসদে মন্ত্রীবিহীন মন্ত্রণালয়ের সংসদীয় দায়িত্ব পেলেন সালাহউদ্দিন ও মঈন খান

  প্রতিনিধি 11 September 2026 , 12:17:09 প্রিন্ট সংস্করণ

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে যেসব মন্ত্রণালয় বা বিভাগে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী নেই, সেসব দপ্তরের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য নতুন দায়িত্ব বণ্টন করেছে সরকার। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খান এই অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

নতুন দায়িত্ব অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সংসদীয় কার্যাবলি দেখাশোনা করবেন। তবে কোনো কারণে তিনি উপস্থিত থাকতে না পারলে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই দায়িত্বগুলো পালন করবেন।

অন্যদিকে, স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খানকে রাষ্ট্রপতির কার্যালয়, নির্বাচন কমিশন সচিবালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংসদীয় বিষয়াবলি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। তার অনুপস্থিতিতে এই দপ্তরগুলোর সংসদীয় কার্যক্রম সামলাবেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। মন্ত্রিপরিষদ বিভাগের এই প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরের সংসদীয় কাজের সমন্বয় নিশ্চিত করা হয়েছে।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content