সারাদেশ

সাতক্ষীরা সীমান্তে ১০ জনকে পুশ-ইন করার চেষ্টা, বিজিবির কঠোর প্রতিরোধ

  প্রতিনিধি 12 September 2026 , 5:31:41 প্রিন্ট সংস্করণ

সাতক্ষীরার শ্যামনগরে কালিন্দী নদীর সীমান্ত দিয়ে শুক্রবার অন্তত ১০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর বা পুশ-ইন করার চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অনুপ্রবেশ বা পুশ-ইন প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হচ্ছে এবং ওই এলাকায় বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের আওতাধীন এলাকা থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দক্ষিণে কালিন্দী নদীর চর এলাকায় বিএসএফের সদস্যরা ওই ব্যক্তিদের নিয়ে আসে। ভারতের ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের চর সাহেবখালী ক্যাম্পের সদস্যরা এ সময় একটি নৌকা ও একটি স্পিডবোট ব্যবহার করেন। বিষয়টি নজরে আসার পর বিজিবির টহল দল দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে এবং বৃষ্টির মধ্যে স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। বিজিবির সদস্যদের দৃঢ় অবস্থানের মুখে বিএসএফ তাদের বাংলাদেশে প্রবেশ করাতে ব্যর্থ হয়।

বিজিবির দেওয়া ২৭ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, প্রচণ্ড বৃষ্টির মধ্যে সীমান্তের জলসীমায় দুটি নৌযান মুখোমুখি অবস্থানে রয়েছে। একটি নৌযানে রেইনকোট পরিহিত অস্ত্রধারী বিজিবি সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন এবং অন্য নৌযানে থাকা ব্যক্তিদের দিকে এগিয়ে যাচ্ছেন। বিজিবির বাধার মুখে বেলা ১১টার দিকে বিএসএফ সদস্যরা ওই ১০ থেকে ১২ জনকে নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়।

সীমান্ত সুরক্ষায় বিজিবি তাদের অপারেশনাল কার্যক্রম আরও জোরদার করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সদস্যরা সীমান্তে সার্বক্ষণিক সতর্কাবস্থায় রয়েছেন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছেন বলে জানানো হয়েছে। প্রতিবেদনে যোগ করা তথ্য: খবর পেয়ে স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁদের ঢুকতে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content