নিউজ ডেস্ক, 12 August 2026 , 10:43:48 প্রিন্ট সংস্করণ

মাগুরা সদর উপজেলার বাটিকাডাঙ্গা ও পারলা এলাকায় মাদকবিরোধী পৃথক অভিযানে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট) মাগুরা সদর থানাধীন বাটিকাডাঙ্গা ও পারলা গ্রামে অভিযান দুটি পরিচালনা করা হয়।
গ্রেপ্তাররা হলেন—বাটিকাডাঙ্গা গ্রামের মোঃ স্বপন মীরের ছেলে মোঃ আশিক মীর (১৯) এবং পারলা গ্রামের মোঃ সাহেব আলী বিশ্বাসের ছেলে মোঃ সজিব বিশ্বাস (৩০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মাগুরার পরিদর্শক মোঃ বেলাল হোসেন পৃথক দুটি মোবাইল কোর্ট মামলায় তাদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের পরিচালনায় বসে ভ্রাম্যমাণ আদালত। আদালত মোঃ আশিক মীরকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং মোঃ সজিব বিশ্বাসকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেন।
মাদকের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের মধ্যেই এ অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মাদক সেবন ও বিস্তার রোধে অভিযান আরও জোরদার করা হবে। মাদকের ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



















