প্রতিনিধি 27 August 2026 , 3:27:25 প্রিন্ট সংস্করণ

সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের মরদেহ আজ বৃহস্পতিবার দেশে পৌঁছাবে। গত ৯ আগস্ট রিয়াদের ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ জন বাংলাদেশি নিহত হন। সৌদি কর্তৃপক্ষ আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে এই ৯ জনের পরিচয় শনাক্ত করেছে। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর মুহাম্মদ রেজায়ে রাব্বী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৪০ নম্বর ফ্লাইটে করে মরদেহগুলো আজ বিকাল ৪টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

নিহতদের মধ্যে ৭ জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। তারা হলেন—গন্ডগোহালী গ্রামের রুবেল প্রমানিক, মোহন আলী ও সুমন আলী, কলিমুদ্দিন, উদনপৈ গ্রামের ফরিদ উদ্দিন, ডুবাই গ্রামের সোহেল রানা এবং মারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল। এছাড়া বাকি দু’জনের মধ্যে নাটোরের নলডাঙা থানার মহিষডাঙা গ্রামের রবিউল ইসলাম এবং রাজশাহীর বাগমারা থানার মরুগ্রাম গ্রামের শ্যামল উদ্দিন মাঝি রয়েছেন।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিরুজ্জামান জানিয়েছেন, মরদেহগুলো যেন স্বজনদের কাছে বিনা খরচে পৌঁছানো যায়, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। নওগাঁর জেলা প্রশাসক মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, শুক্রবার সকাল ১০টায় আত্রাই উপজেলা সদরের মোল্লা আজাদ ডিগ্রি কলেজ মাঠে নিহত ৭ জনের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। প্রতিবেদনে যোগ করা তথ্য: আত্রাই উপজেলার ৭ জন হলেন-উপজেলার গন্ডগোহালী গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল প্রমানিক, একই গ্রামের গুফফার প্রমানিকের ছেলে মোহন আলী ও সুমন আলী, বজলুর রহমানের ছেলে কলিমুদ্দিন, উদনপৈ গ্রামের ময়েনউদ্দিনের ছেলে ফরিদ উদ্দিন।
সূত্র: মানবজমিন



















