আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে আমিরাতি ট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: তীব্র নিন্দা কাতারের

  প্রতিনিধি 9 August 2026 , 4:47:46 প্রিন্ট সংস্করণ

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ‘অ্যাডনক’-এর (ADNOC) একটি তেল ট্যাংকার লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কাতার। দোহা এই সামরিক পদক্ষেপকে আন্তর্জাতিক আইন, সামুদ্রিক নৌচলাচলের স্বাধীনতা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮১৭ নম্বর প্রস্তাবের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছে। শনিবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই জলপথের নিরাপত্তা নিয়ে দেশটির কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে।

বিবৃতিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, রাজনৈতিক বা সামরিক চাপ সৃষ্টির কৌশল হিসেবে হরমুজ প্রণালীকে ব্যবহারের যেকোনো প্রচেষ্টাকে কাতার প্রত্যাখ্যান করে। সামুদ্রিক বাণিজ্যিক চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রণালীকে কোনো শর্ত ছাড়াই উন্মুক্ত রাখার আহ্বান জানিয়েছে দোহা। কাতার সতর্ক করে বলেছে, নৌচলাচলের স্বাধীনতা একটি অলঙ্ঘনীয় নীতি এবং এই জলপথ দীর্ঘ সময় ঝুঁকিপূর্ণ বা অবরুদ্ধ থাকলে তা মধ্যপ্রাচ্যসহ বিশ্ব অর্থনীতিতে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে।

প্রতিবেশী ও ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সম্পদ এবং বাণিজ্যিক অবকাঠামোর ওপর ইরানের এ ধরনের অযৌক্তিক সামরিক হামলা অবিলম্বে বন্ধ করার জোর দাবি জানিয়েছে কাতার। সংকটময় এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতের সাথে পূর্ণ রাজনৈতিক ও নৈতিক সংহতি প্রকাশ করেছে দোহা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, আমিরাতের সার্বভৌমত্ব, সামুদ্রিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সম্পদ রক্ষায় আমিরাত সরকার যে পদক্ষেপই গ্রহণ করুক না কেন, তাতে কাতারের পূর্ণ সমর্থন ও সহযোগিতা থাকবে।

উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিতকারী এই সামরিক তৎপরতা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে আরও জটিল করে তুলছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (MOFA) তথ্যসূত্র অনুযায়ী, এই ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content