জাতীয়

২০২৬ সালের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল করল মন্ত্রিসভা

  প্রতিনিধি 3 August 2026 , 5:20:23 প্রিন্ট সংস্করণ

জাতীয় ওষুধ উপদেষ্টা পরিষদের পরামর্শ গ্রহণ না করায় ২০২৬ সালের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিলের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৩ সালের ওষুধ ও কসমেটিকস আইন অনুযায়ী কোনো তালিকা প্রণয়নের আগে জাতীয় ওষুধ উপদেষ্টা পরিষদের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক। কিন্তু ২০২৬ সালের জানুয়ারিতে প্রকাশিত তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি প্রণয়নের সময় এই আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। বিষয়টি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন থাকায় সরকার এটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকার জনগণের জন্য নিরাপদ, কার্যকর, মানসম্মত এবং সাশ্রয়ী মূল্যের ওষুধ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এরই অংশ হিসেবে গত ২৯ জুন ওষুধ ও কসমেটিকস আইনের বিধান অনুযায়ী জাতীয় ওষুধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা হয়েছে। মন্ত্রিসভা এই পরিষদে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও অনুমোদন করেছে।

সরকার এখন অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা হালনাগাদ করার উদ্যোগ নিয়েছে। নতুন মূল্য নির্ধারণের ক্ষেত্রে এমন পদ্ধতি অনুসরণ করা হবে যাতে সাধারণ মানুষের ওপর বাড়তি আর্থিক চাপ না পড়ে এবং বাজারে ওষুধের সুস্থ প্রতিযোগিতা বজায় থাকে।

সরকারের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে সেখানে বলা হয়, ২০২৩ সালের ওষুধ ও কসমেটিকস আইন অনুযায়ী অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা প্রণয়নের আগে জাতীয় ওষুধ উপদেষ্টা পরিষদের পরামর্শ নেওয়ার বিধান রয়েছে।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content