আইন-আদালত

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার

  প্রতিনিধি 14 September 2026 , 6:58:16 প্রিন্ট সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে করা মামলার রায় আগামীকাল মঙ্গলবার ঘোষণা করা হবে। সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই তারিখ ঠিক করেন। প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। এরআগে, গত ১৭ই আগস্ট উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য মামলাটি অপেক্ষমাণ রাখা হয়েছিল।

মামলার বিবরণ ও যুক্তিতর্ক

রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং তাদের ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন জানান। অপরদিকে ওবায়দুল কাদেরসহ পলাতক সাত আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাসান ইমাম ও ইসরাত জাহান অনি আসামিদের এ মামলা থেকে অব্যাহতি প্রার্থনা করেন। এই মামলার সকল আসামি পলাতক রয়েছেন। মামলার অপর আসামিরা হলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content