প্রতিনিধি 14 September 2026 , 12:32:44 প্রিন্ট সংস্করণ

উপসাগরীয় অঞ্চলের চলমান সংঘাত নিরসনে সামরিক হস্তক্ষেপ বা বলপ্রয়োগ কোনো কার্যকর সমাধান নয় বলে স্পষ্ট জানিয়েছেন আরব লীগের মহাসচিব নাবিল ফাহমি। ১৩ সেপ্টেম্বর রবিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, বর্তমান পরিস্থিতি যদি এভাবে চলতে থাকে, তবে মধ্যপ্রাচ্যে নতুন কোনো বড় ধরনের সংকটের ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

ইরানের বিষয়ে ফাহমি জানান, তেহরানকে অবশ্যই তাদের আঞ্চলিক নীতিতে পরিবর্তন আনতে হবে। তিনি মনে করেন, আরব দেশগুলোর সাথে ইরানের সম্পর্কের ক্ষেত্রে একটি স্বচ্ছ ও শক্তিশালী ভিত্তি থাকা প্রয়োজন। একই সঙ্গে তিনি কিছু আরব রাষ্ট্রে ইরানের নেতিবাচক ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। লেবাননের বর্তমান পরিস্থিতি কেবল হিজবুল্লাহর কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর সঙ্গে ইসরায়েলের দীর্ঘদিনের অবৈধ দখলদারিত্বের গভীর সম্পর্ক রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের প্রসঙ্গ টেনে নাবিল ফাহমি বলেন, বর্তমানে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়ন করা আগের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। গাজার যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে তিনি বলেন, ফিলিস্তিনিরা চুক্তির শর্ত মেনে চললেও ইসরায়েলের ধারাবাহিক লঙ্ঘনের কারণে মাঠপর্যায়ে এর সফল বাস্তবায়ন চরম বাধার মুখে পড়েছে। মূলত ইসরায়েলের এই অসহযোগিতামূলক আচরণ শান্তি প্রতিষ্ঠার প্রধান অন্তরায় বলে তিনি দাবি করেন।
সূত্র: গালফ বাংলা


















