প্রতিনিধি 26 August 2026 , 9:16:11 প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক অনলাইন জুয়ার সাইটের ‘অ্যাডমিন’ ও ‘সুপার এজেন্ট’ হিসেবে কাজ করার অভিযোগে অহিদুর রহমান (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে র্যাব-৩-এর একটি দল তাকে আটক করে। বুধবার র্যাবের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অহিদুর দীর্ঘদিন ধরে বাংলাদেশে নিষিদ্ধ আন্তর্জাতিক জুয়ার সাইট প্রচার ও পরিচালনার কথা স্বীকার করেছেন। র্যাব জানিয়েছে, তিনি ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে সাধারণ মানুষকে অনলাইন জুয়ায় প্রলুব্ধ করতেন। তার মুঠোফোনের মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের কথোপকথন পর্যালোচনা করে দেশে-বিদেশের বিভিন্ন ব্যক্তির সঙ্গে অবৈধ লেনদেন ও জুয়ার সাইট প্রচারের প্রমাণ পাওয়া গেছে।
অভিযানকালে অহিদুরের কাছ থেকে জুয়া পরিচালনার কাজে ব্যবহৃত দুটি স্মার্টফোন, দুটি সিম কার্ড, একটি মোটরসাইকেল এবং নগদ ১ লাখ ৫ হাজার টাকা জব্দ করা হয়েছে। এছাড়া বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে থাকা ১ লাখ ৩১ হাজার টাকাও জব্দ করেছে র্যাব।
তদন্তকারী কর্মকর্তাদের ভাষ্যমতে, অহিদুর ও তার সহযোগীরা জুয়ার সাইটের নিজস্ব কারেন্সি অর্থের বিনিময়ে গ্রাহকদের কাছে বিক্রি করতেন। এমএফএস অ্যাকাউন্টের মাধ্যমে সংগৃহীত এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে তিনি দেশের বিভিন্ন স্থানে জমি ও গাড়ি কিনেছেন। ধারণা করা হচ্ছে, তার এই চক্রে আরও ১০ থেকে ১২ জন সদস্য সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
র্যাব জানিয়েছে, অহিদুরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া তার দেওয়া তথ্যের ভিত্তিতে এই জুয়াড়ি চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রাখা হয়েছে।
সূত্র: প্রথম আলো



















