প্রতিনিধি 30 August 2026 , 3:59:39 প্রিন্ট সংস্করণ

গুমের ঘটনায় জড়িত ব্যক্তিরা বিচারের রায়ের পর ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হলে রাষ্ট্র সেই দায়িত্ব গ্রহণ করবে। শনিবার (২৯ আগস্ট) জাতীয় জাদুঘরে ‘মায়ের ডাক’ আয়োজিত গুমচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা জানান। তিনি ভুক্তভোগীদের উদ্দেশে বলেন, গুমের ঘটনার কারণে কাউকে আর কোনো সমস্যায় পড়তে হবে না এবং এখন থেকে ভুক্তভোগীরা সরাসরি আদালতে আইনি প্রতিকার চাইতে পারবেন।

বর্তমান সরকার উত্তরাধিকার সূত্রে একটি অগোছালো ও ভঙ্গুর আইনশৃঙ্খলা বাহিনী পেয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সেগুলোকে আধুনিক ও উন্নত করার প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া ক্রমবর্ধমান সাইবার অপরাধ নিয়ন্ত্রণে সাইবার ইন্টেলিজেন্স সক্ষমতা সম্পন্ন একটি এলিট ফোর্স গঠনের পরিকল্পনা সরকারের রয়েছে। মংলায় মিরাজ নিখোঁজের ঘটনাটি নিয়েও স্বাধীন তদন্ত হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এসব উদ্যোগের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। এদিকে প্রদর্শনীতে উপস্থিত মানবাধিকারকর্মী, আইনজীবী ও ভুক্তভোগীরা একটি নিরপেক্ষ কমিশন গঠন করে গুমের সঙ্গে জড়িত সব বাহিনী ও ব্যক্তিকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী প্রদর্শনীটি ঘুরে দেখার সময় তাদের দাবির বিষয়ে গুরুত্বারোপ করেন।
সূত্র: আলোকিত বাংলাদেশ



















