প্রতিনিধি 12 September 2026 , 10:06:04 প্রিন্ট সংস্করণ

গত জুলাই মাসে জর্ডানের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে ভয়াবহ হামলার আগে ইরান বেশ কয়েকটি চীনা প্রতিষ্ঠানের কাছ থেকে ওই ঘাঁটির উচ্চ-রেজল্যুশনের স্যাটেলাইট ছবি সংগ্রহ করেছিল। মার্কিন কর্মকর্তাদের বরাতে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। কর্মকর্তাদের দাবি, যুদ্ধ চলাকালে ইরানকে দেওয়া চীনা সহায়তার সরাসরি প্রাণঘাতী প্রভাব যে মার্কিন সেনাদের ওপর পড়েছে, এটি তার সবচেয়ে স্পষ্ট প্রমাণ। যদিও কোন কোন চীনা প্রতিষ্ঠান এই ছবি সরবরাহ করেছে, তা মার্কিন পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১৭ জুলাই ইরানের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জর্ডানের ওই ঘাঁটির আবাসিক এলাকায় আঘাত হানে। সেই সময় মার্কিন সেনারা ঘুমাচ্ছিলেন। এই হামলায় তিন মার্কিন সেনা নিহত এবং আরও চারজন আহত হন। ২৪ ঘণ্টার ব্যবধানে ওই ঘাঁটিতে তিনটি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছিল। গত এপ্রিল মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই ছিল মার্কিন সেনা নিহতের প্রথম ঘটনা। মার্কিন কর্মকর্তাদের ভাষ্যমতে, ঘাঁটিতে থাকা মানুষবাহী ও মানবহীন উড়োজাহাজগুলোও ইরানের হামলার মূল লক্ষ্যবস্তু ছিল।
এই স্যাটেলাইট ছবির বিষয়টি নিয়ে মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তারা সরাসরি বেইজিংয়ের কাছে অভিযোগ উত্থাপন করেছিলেন। তবে চীন এসব অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে এবং এ বিষয়ে যথাযথ প্রমাণ দাবি করেছে। মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, এর আগেও ওয়াশিংটনের উদ্বেগ বারবার নাকচ করে আসছে চীন এবং তাদের কোম্পানিগুলো এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করতে অস্বীকৃতি জানিয়ে আসছে।
এই তথ্য প্রকাশের ফলে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বিদ্যমান উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে একটি শীর্ষ বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকের ঠিক আগমুহূর্তে এমন তথ্য সামনে আসায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে চাপ সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: মানবজমিন


















