আন্তর্জাতিক

তুরস্ককে ঘিরে ফেলার চেষ্টা বরদাস্ত করা হবে না: ইসরায়েলকে এরদোয়ানের হুঁশিয়ারি

  প্রতিনিধি 9 September 2026 , 3:58:54 প্রিন্ট সংস্করণ

তুরস্ককে ঘিরে ফেলার চেষ্টা বরদাস্ত করা হবে না: ইসরায়েলকে এরদোয়ানের হুঁশিয়ারি
আঞ্চলিক অস্থিরতা ও ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে কঠোর বার্তা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। একই সঙ্গে অর্থনীতি ও আঞ্চলিক সহযোগিতার ওপর জোর দিয়েছেন তিনি।

দখলদার ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান হুঁশিয়ারি দিয়েছেন যে, তুরস্ককে ঘিরে ফেলার কোনো ধরনের শত্রুতামূলক তৎপরতা আঙ্কারা নীরবে সহ্য করবে না। সোমবার (৭ সেপ্টেম্বর) আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি স্পষ্ট করেন যে, কোনো নির্দিষ্ট দেশ, ধর্ম বা সংস্কৃতির বিরুদ্ধে তুরস্কের কোনো শত্রুতা নেই। তবে মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য তিনি ইসরায়েলের উসকানি ও নাশকতামূলক কর্মকাণ্ডকেই দায়ী করেছেন।

এরদোয়ানের দাবি, ইসরায়েলের মিথ্যাচার ও নেতিবাচক ভূমিকার কারণেই ইসলামাবাদ সমঝোতা কার্যকর করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, ইসরায়েলের এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব কেবল ইরান বা উপসাগরীয় দেশগুলোর ওপর নয়, বরং পুরো অঞ্চলের ওপর পড়ছে। আঞ্চলিক উত্তেজনার এই সময়ে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সাথে তুরস্কের সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি আঞ্চলিক ঐক্য ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তুর্কি প্রেসিডেন্ট।

বৈঠকে মানবিক ও অর্থনৈতিক বিভিন্ন ইস্যু নিয়েও কথা বলেছেন এরদোয়ান। উত্তর সাইপ্রাসের উপকূলে জাহাজডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধারে তুরস্কের পক্ষ থেকে ৯টি জাহাজ ও ১১টি বিমান দিয়ে অনুসন্ধান কার্যক্রম চালানো হচ্ছে বলে তিনি জানান। এছাড়া, দেশের অর্থনীতিকে আরও প্রতিযোগিতামূলক, স্থিতিশীল ও শক্তিশালী করে গড়ে তুলতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content