জাতীয়

দেশের ২৩তম রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

  প্রতিনিধি 21 August 2026 , 7:10:04 প্রিন্ট সংস্করণ

দেশের ২৩তম রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। এই পরিস্থিতিতে নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর বিষয়ে সাংবিধানিক জটিলতা নিরসনে আইন মন্ত্রণালয়ের কাছে মতামত চেয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ। যাচাই-বাছাই শেষে আইন মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান প্রেক্ষাপটে ভারপ্রাপ্ত স্পিকারই এই শপথ পড়ানোর জন্য সাংবিধানিকভাবে উপযুক্ত কর্তৃপক্ষ।

আইন মন্ত্রণালয়ের ব্যাখ্যা অনুযায়ী, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। ফলে সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদের বিধান অনুসারে স্পিকারের যাবতীয় দায়িত্ব বর্তমানে ডেপুটি স্পিকার কায়সার কামাল পালন করছেন। যেহেতু তিনি স্পিকারের সব দায়িত্ব পালন করছেন, তাই নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পাঠ করানোর সাংবিধানিক কর্তৃত্বও তার ওপরই বর্তায় বলে মন্ত্রণালয় মত দিয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে। সংসদ সদস্যরা বিকেল ৫টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। প্রায় ৩৫ বছর পর দেশে রাষ্ট্রপতি পদে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়ী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন, কারণ সংসদে দলের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সৃষ্ট অন্তর্বর্তীকালীন পরিস্থিতিতে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content