সারাদেশ

পিরোজপুরের কাউখালীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রধান শিক্ষকের মৃত্যু

  প্রতিনিধি 12 September 2026 , 4:20:36 প্রিন্ট সংস্করণ

পিরোজপুরের কাউখালীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দীপক চন্দ্র শীল (৪৭) নামে এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নিলতী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার দুপুরে কাউখালী কেন্দ্রীয় শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীপক চন্দ্র শীল উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি এক বছর আগে নিলতী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। এর আগে তিনি আমরাজুরি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার সকালে তার মরদেহ নিজ এলাকায় পৌঁছালে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

নিহতের স্বজনরা জানান, বেশ কয়েক দিন ধরেই তিনি ডেঙ্গু জ্বরে ভুগছিলেন। তবে শুরুতে শারীরিক অসুস্থতাকে খুব একটা গুরুত্ব না দেওয়ায় পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। বৃহস্পতিবার শারীরিক জটিলতা তীব্র আকার ধারণ করলে তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকাকালীন গভীর রাতে তার মৃত্যু হয়।

এদিকে, কাউখালী উপজেলা এবং এর আশপাশের গ্রামগুলোতে বর্তমানে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছে। স্থানীয়দের তথ্যমতে, আক্রান্ত হয়ে প্রতিদিন শত শত রোগী কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ রাজাপুর, পিরোজপুর ও বরিশালের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হচ্ছেন। মশাবাহিত এই রোগের বিস্তার রোধে দ্রুত কার্যকর ও জোরালো পদক্ষেপ নেওয়ার জন্য স্থানীয়রা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content