সারাদেশ

মেহেরপুরে বিএসএফের হাতে বাংলাদেশি কৃষক আটক, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

  প্রতিনিধি 11 August 2026 , 12:01:09 প্রিন্ট সংস্করণ

মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আব্দুল মান্নান (৭০) নামের এক বাংলাদেশি কৃষক আটক হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে তিনি বাড়ির পাশে মরিচের জমিতে কীটনাশক প্রয়োগ করতে গেলে ১২৪/৪-এস সীমান্ত পিলার সংলগ্ন এলাকা থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। আব্দুল মান্নান ইছাখালী গ্রামের মসজিদপাড়ার মৃত নূর বক্সের ছেলে। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় গ্রামবাসী তাৎক্ষণিকভাবে ১২৩/৩-এস সীমান্ত পিলার সংলগ্ন এলাকা থেকে ভারতের লালবাজার গ্রামের দুই নাগরিককে আটক করেন। পরে তাদের ইছাখালী বিজিবি ক্যাম্পে সোপর্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, আব্দুল মান্নান সীমান্তের শূন্যরেখায় ভারতীয় কৃষিজমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যান। এই ঘটনার পর সীমান্ত এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আটক দুই ভারতীয় নাগরিককে হস্তান্তরের বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রক্রিয়া চলছে। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতীয় কৃষি জমিতে কাজ করার সময় বিএসএফ একজনকে ধরে নিয়ে গেছে। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারা দুই ভারতীয় নাগরিককে ধরে এনে বিজিবির কাছে হস্তান্তর করেছেন। দ্রুত পতাকা বৈঠকের মাধ্যমে উভয় পক্ষ আটক ব্যক্তিদের হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এদিকে মান্নানকে ধরে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পরপরই ১২৩/৩-এস সীমান্ত পিলার সংলগ্ন এলাকা থেকে ভারতের লালবাজার গ্রামের দুই নাগরিককে আটক করেন বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামের কয়েকজন বাসিন্দা।

মঙ্গলবার সকালে ইছাখালী সীমান্ত পয়েন্টে এ ঘটনা ঘটে।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content