প্রতিনিধি 14 August 2026 , 6:56:41 প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের অফিস থেকে বিনা অনুমতিতে মালামাল, গ্যাস সিলিন্ডার ও ট্রাঙ্ক চুরির অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) আশরাফুল মামুনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ধানমন্ডি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে ট্রাস্টের বর্তমান সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) রেজওয়ানা আক্তার জাহান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পেনাল কোডের ৩৮১ ধারায় কর্মচারী কর্তৃক চুরির অভিযোগে মামলাটি রুজু করা হয়েছে। বর্তমানে ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ এরশাদ উল্লাহ মামলাটির তদন্ত করছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত আশরাফুল মামুন আগে অর্থ ও হিসাব শাখায় কর্মরত ছিলেন। গত ৬ আগস্ট তাকে সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) পদে বদলি করা হলেও তিনি নতুন কর্মস্থলে যোগ দেননি। এর মধ্যেই তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অফিসের মালামাল সরিয়ে নিতে শুরু করেন।
তদন্তে উঠে এসেছে, গত ২৫ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত দফায় দফায় ট্রাস্টের মালামাল সরানো হয়েছে। এর মধ্যে ২৫ জুলাই একটি কাভার্ড ভ্যানে করে চারটি গ্যাস সিলিন্ডার সরিয়ে নেওয়া হয়। আনসার সদস্যরা চালককে জিজ্ঞাসাবাদ করলে তিনি মালামালগুলো গাবতলীতে নেওয়া হচ্ছে বলে জানান, তবে এ বিষয়ে অভিযুক্ত আশরাফুল মামুন কোনো সদুত্তর দিতে পারেননি।
ঘটনার ধারাবাহিকতায় ৮ আগস্ট সকালে অফিসিয়াল গাড়ি ব্যবহার করে তিনি নিজের বর্তমান ঠিকানায় মালামাল নিয়ে যান এবং দুপুরে পুনরায় অফিসে ফিরে এসে বস্তা ও ব্যাগভর্তি আরও মালামাল নিয়ে অফিস ত্যাগ করেন। এছাড়া ১১ আগস্ট বিকেলে অফিসের করিডর থেকে একটি ট্রাঙ্ক ট্রাস্টের ড্রাইভার শামীম মৃধার মাধ্যমে ময়মনসিংহে নিজের বাসায় পাঠিয়ে দেওয়ার তথ্য পাওয়া গেছে।
এসব ঘটনা সামনে আসার পর প্রথমে ১৩ আগস্ট ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৭৭৬) করা হয়। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও আলোচনার প্রেক্ষিতে জিডিটিকে এজাহার হিসেবে গণ্য করে মামলাটি নথিভুক্ত করা হয় এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
প্রথম ঘটনা: শনিবার (৮ আগস্ট) সকাল ৬ টা ১৫ মিনিটে ছুটির দিনে আউটসোর্সিং গাড়িচালক মো.
আবুল কালামকে নিয়ে ট্রাস্টের অফিসিয়াল গাড়িতে (ঢাকা মেট্রো চ-১০-১৭০১) করে নিজের বর্তমান ঠিকানায় যান আশরাফুল মামুন।
পরে দুপুর পৌনে ২ টায় পুনরায় ধানমন্ডি ১২/এ রোডস্থ ট্রাস্টের অফিসে এসে পৌনে ৩ টায় বড় ৪টি বস্তা ও কয়েকটি ব্যাগভর্তি মালামাল গাড়িতে তুলে অফিস ত্যাগ করেন।
দ্বিতীয় ঘটনা: মঙ্গলবার (১১ আগস্ট) বিকাল ৫টার দিকে চুরির কাজে ব্যবহৃত ট্রাঙ্কটি অফিসের করিডর থেকে ট্রাস্টের ড্রাইভার শামীম মৃধার মাধ্যমে ময়মনসিংহে নিজের বাসায় পাঠিয়ে দেওয়া হয় বলে আনসার সদস্য মনিরুল ইসলাম নিশ্চিত করেন।
তৃতীয় ঘটনা: শনিবার (২৫ জুলাই) বিকাল ৫টার একটি কাভার্ড ভ্যানে করে ট্রাস্টের ৪টি গ্যাস সিলিন্ডার সরিয়ে নেওয়ার তথ্য উঠে আসে।
এ বিষয়ে অভিযুক্তের কাছে জানতে চাইলে তিনি কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি।
সূত্র: যুগান্তর



















