Uncategorized

হাইকোর্টে জামিন, জেলগেটেই ফের গ্রেপ্তার

  নিজস্ব প্রতিনিধি: 18 May 2026 , 2:12:03 প্রিন্ট সংস্করণ



হাসি মিলান হলো মুহূর্তেই — শিখরের ভাই হিশামকে ঘিরে মাগুরায় তোলপাড়



উচ্চ আদালত থেকে জামিন মিলেছিল, কারামুক্তির আনুষ্ঠানিকতাও শেষ। স্বজনদের চোখে তখন স্বস্তির ছাপ। কিন্তু জেলগেট পেরোতেই যেন বদলে গেল পুরো দৃশ্যপট। মুক্তির আনন্দ মুহূর্তেই পরিণত হলো নতুন গ্রেপ্তারের নাটকীয় ঘটনায়। মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখরের ছোট ভাই আশরাফুজ্জামান হিশামকে হাইকোর্ট থেকে জামিনে মুক্তির পরপরই আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে মাগুরা জেলা কারাগারের মূল ফটক থেকে তাকে পুনরায় আটক করা হয়। ঘটনাটি ছড়িয়ে পড়তেই মাগুরার রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তীব্র আলোচনা, সমালোচনা ও নানা গুঞ্জন। আশরাফুজ্জামান হিশাম মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য মরহুম আসাদুজ্জামানের কনিষ্ঠ পুত্র। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি একাধিক মামলায় দীর্ঘদিন ধরেই তিনি আলোচিত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, ঢাকা ও মাগুরাসহ বিভিন্ন স্থানে দায়ের হওয়া মামলায় কারাগারে ছিলেন হিশাম। সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন লাভের পর রবিবার বিকেলে তিনি কারামুক্ত হন। তবে জেলগেটের বাইরে পা রাখতেই আবারও তাকে ঘিরে ধরে আইনশৃঙ্খলা বাহিনী। কোন মামলায় কিংবা নতুন কী অভিযোগে তাকে ফের গ্রেপ্তার করা হয়েছে—সেটি নিয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, “আমি শুনেছি তাকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে বলতে পারবো। উল্লেখ্য, গত বছরের ১ সেপ্টেম্বর সকালে চুয়াডাঙ্গা শহরের রেলওয়ে স্টেশন এলাকা থেকে আশরাফুজ্জামান হিশামকে গ্রেপ্তার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। তার বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী। হাইকোর্টের জামিনের পর জেলগেট থেকেই পুনরায় গ্রেপ্তারের এই ঘটনা এখন শুধু আইনি প্রশ্নই নয়, মাগুরার রাজনৈতিক অঙ্গনেও নতুন উত্তাপ ছড়িয়েছে।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content