ধর্ম

মক্কা-মদিনায় হামলা হলে ঐক্যবদ্ধ প্রতিরোধ: ধর্মমন্ত্রী

  প্রতিনিধি 19 September 2026 , 2:46:34 প্রিন্ট সংস্করণ

পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তা এবং পবিত্রতা রক্ষা করা বিশ্বের সমগ্র মুসলিম উম্মাহর সম্মিলিত দায়িত্ব বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। শনিবার গণমাধ্যমে পাঠানো এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি এ কথা জানান। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে সৌদি আরবে হামলার ঘটনার প্রেক্ষিতে ধর্মমন্ত্রী এই কড়া বার্তা দিলেন।

বিবৃতিতে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ দৃঢ় কণ্ঠে বলেন, পবিত্র মক্কা আল-মুকাররমা ও মদিনা আল-মুনাওয়ারা সারা বিশ্বের মুসলমানদের বিশ্বাস, আবেগ ও ভালোবাসার সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থান। এই দুই পবিত্র নগরীর নিরাপত্তা বা পবিত্রতার ওপর যেকোনো ধরনের হুমকি কিংবা আগ্রাসনের অপচেষ্টা কখনোই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্বের সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পবিত্র আল হারামাইনের দুই ইমামের বক্তব্যের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তিনি আরও বলেন, পবিত্র ভূমির বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র বা হামলার চেষ্টা হলে মুসলমানরা সম্মিলিতভাবে তা প্রতিহত করবে। তিনি উল্লেখ করেন, প্রয়োজনে অগণিত মুসলিম নিজের জীবন উৎসর্গ করে এই পবিত্র দুই নগরীর মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করতে প্রস্তুত। বাংলাদেশের জনগণও পবিত্র মক্কা ও মদিনার মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় আপসহীন অবস্থানে রয়েছে।

বর্তমান ও ভবিষ্যতের যেকোনো হুমকি মোকাবিলায় বিভেদ ভুলে সমগ্র মুসলিম রাষ্ট্র ও উম্মাহকে ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় মক্কা ও মদিনার সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। এছাড়া মহান আল্লাহর কাছে পবিত্র এই দুই নগরীর সার্বিক নিরাপত্তা এবং বিশ্ব মুসলিমের শান্তি, সংহতি ও সমৃদ্ধি কামনা করেছেন মন্ত্রী।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content