আইন-আদালত

আবুল কালাম আযাদের আপিল গ্রহণযোগ্যতা নিয়ে আদেশ ৭ সেপ্টেম্বর

  প্রতিনিধি 31 August 2026 , 5:27:45 প্রিন্ট সংস্করণ

১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা আবুল কালাম আযাদের আপিল শুনানির গ্রহণযোগ্যতা নিয়ে আগামী ৭ সেপ্টেম্বর আদেশ দেবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার সকালে এই আপিলটি আইনগতভাবে রক্ষণীয় কি না, তা নিয়ে শুনানি শুরু হয়। এর আগে গত ১৭ আগস্ট আদালত শুনানির জন্য ৩১ আগস্ট দিন ধার্য করেছিলেন।

শুনানিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, আবুল কালাম আযাদের সাজা স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আবেদন করেছেন। দীর্ঘ সময় পলাতক থাকার পর দেশে ফিরে তিনি তৎকালীন সরকারের কাছে আবেদন করেছিলেন। সেই আবেদনের ভিত্তিতে তার মৃত্যুদণ্ড কার্যকরের ওপর এক বছরের স্থগিতাদেশ দেওয়া হয়। ওই স্থগিতাদেশকে ভিত্তি করেই তিনি আপিল বিভাগে দণ্ড চ্যালেঞ্জ করে আপিল করেন। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোনো মামলায় ৩০ দিনের পর আপিল গ্রহণযোগ্য হওয়ার কোনো নজির এখন পর্যন্ত নেই।

উল্লেখ্য, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আত্মসমর্পণের শর্তে নির্বাহী বিভাগ তার মৃত্যুদণ্ড স্থগিত করেছিল। এরপর চলতি বছরের ২১ জানুয়ারি তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন। উল্লেখ্য, ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রথম আসামি হলেন মাওলানা আবুল কালাম আযাদ।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content