প্রতিনিধি 26 August 2026 , 6:40:50 প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াটারী এলাকায় ধানের জমি থেকে মানুষের একটি খণ্ডিত পা উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ। বুধবার সকাল সাড়ে সাতটার দিকে পথচারীরা সড়কের পাশে জমিতে পা-টি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামতটি সংগ্রহ করে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, খণ্ডিত পা-টির পাশেই একটি রক্তমাখা পলিথিন পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, কোনো যানবাহন থেকে এটি সেখানে ফেলা হয়ে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ বা কখন এটি সেখানে রাখা হয়েছে, সে বিষয়ে স্থানীয়রা নিশ্চিত নন।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উদ্ধারকৃত খণ্ডিত অংশটি কার শরীরের, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এই রহস্যজনক ঘটনার নেপথ্যের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশি তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
সূত্র: প্রথম আলো



















