আইন-আদালত

জামিন মিললেও মিলল না মুক্তি! জেলগেটেই ফের গ্রেপ্তার বাবু মীর

  নিজস্ব প্রতিবেদক, মাগুরা : ৯ জুন ২০২৬ , ৩:৪৯:৩১ প্রিন্ট সংস্করণ

মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, মাগুরা পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র এবং ৩ নম্বর ওয়ার্ডের তিনবারের নির্বাচিত কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম বাবু ওরফে বাবু মীর (৫২) হাইকোর্ট থেকে জামিন লাভের পর কারামুক্ত হলেও স্বাধীনতার স্বাদ নিতে পারলেন না। মাগুরা জেলা কারাগার থেকে মুক্তি পাওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই জেলগেট থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে উচ্চ আদালত থেকে জামিন লাভের পর পরিবার-স্বজন ও সমর্থকদের মধ্যে যখন স্বস্তি ফিরে আসে, ঠিক তখনই জেলগেটেই পুনরায় গ্রেপ্তারের ঘটনায় নতুন করে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও বিতর্ক।

প্রত্যক্ষদর্শীরা জানান, কারাগার থেকে মুক্ত হয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে নিজেদের হেফাজতে নেন। ফলে জামিনে মুক্তির আনন্দ মুহূর্তেই পরিণত হয় অনিশ্চয়তা ও উদ্বেগে। স্থানীয় মহলে এ ঘটনাকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, উচ্চ আদালতের জামিনের পরও বারবার গ্রেপ্তারের এ ধারাবাহিকতা বিচারপ্রার্থী মানুষের মনে কী বার্তা দিচ্ছে? অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হচ্ছে, নতুন মামলার ভিত্তিতেই তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। জামিনের কাগজ হাতে নিয়েও জেলগেট পেরিয়ে মুক্ত আকাশের নিচে দাঁড়ানোর সুযোগ না পাওয়ার এ ঘটনা মাগুরার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় তুলেছে। “জামিন মিললেও মুক্তি মিলল না”— এমন মন্তব্য এখন ঘুরে বেড়াচ্ছে শহরের অলিগলি থেকে রাজনৈতিক অঙ্গন পর্যন্ত।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content