প্রতিনিধি 21 August 2026 , 4:35:08 প্রিন্ট সংস্করণ

পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর মরণব্যাধির খবর অত্যন্ত গোপনীয়তার সঙ্গে রক্ষা করেছিলেন বোম্বের দুই পারসি চিকিৎসক। এই পেশাগত সততার স্বীকৃতিস্বরূপ ডা. জল রতনজি প্যাটেল এবং রেডিওলজিস্ট ডা. জল ধাইভো-কুকে পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘নিশান-ই-ইমতিয়াজ’ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। ২০২৭ সালের মার্চ মাসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাদের এই মরণোত্তর সম্মাননা দেওয়া হবে।

ফেডারেল মন্ত্রী এবং পুরস্কার কমিটির প্রধান আহসান ইকবাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৯৪৬ সালে জিন্নাহর এক্স-রে পরীক্ষার মাধ্যমে এই চিকিৎসকরা নিশ্চিত হয়েছিলেন যে তিনি যক্ষ্মায় আক্রান্ত এবং তার আয়ু বড়জোর এক থেকে দুই বছর। সেই সংকটময় সময়ে জিন্নাহর অসুস্থতার তথ্য তার ঘনিষ্ঠ বৃত্তের বাইরে গোপন রেখে তারা যে ‘নীরব কিন্তু অসাধারণ সেবা’ দিয়েছেন, তা পাকিস্তান সৃষ্টির প্রক্রিয়ায় পরোক্ষভাবে ভূমিকা রেখেছিল।
ইতিহাসবিদ আকবর আহমেদ তার ‘জিন্নাহ, পাকিস্তান অ্যান্ড ইসলামিক আইডেন্টিটি: দ্য সার্চ ফর সালাদিন’ গ্রন্থে উল্লেখ করেছেন, ১৯৩০-এর দশক থেকেই জিন্নাহ যক্ষ্মায় ভুগছিলেন। নিজের রাজনৈতিক নেতৃত্ব ও ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে তিনি এই মরণব্যাধির বিষয়টি জনসমক্ষে আসতে দেননি। এমনকি ১৯৪৭ সালে দেশভাগের সময় তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছিল। অবশেষে দেশভাগের মাত্র এক বছরের কিছু বেশি সময় পর, ১৯৪৮ সালের ১১ সেপ্টেম্বর ফুসফুসের যক্ষ্মায় আক্রান্ত হয়েই তিনি মৃত্যুবরণ করেন।
আহসান ইকবালের মতে, ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন পরবর্তী সময়ে স্বীকার করেছিলেন যে, জিন্নাহর অসুস্থতার ভয়াবহতা সম্পর্কে তিনি আগে অবগত থাকলে হয়তো দেশভাগের প্রক্রিয়া পিছিয়ে দিতেন। এমনটি ঘটলে ইতিহাসের গতিপথ ভিন্ন হতে পারতো। জিন্নাহর মৃত্যুর ৭৮ বছর পর এই দুই চিকিৎসকের পেশাগত নিষ্ঠাকে সম্মান জানাতে পাকিস্তান সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে।
পুরস্কার কমিটির চেয়ারম্যান হিসেবে আহসান ইকবাল বোম্বের এই দুই চিকিৎসকের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, পেশাগত শপথের প্রতি তাদের অবিচল আনুগত্য এবং গোপনীয়তা রক্ষা ছিল অত্যন্ত প্রশংসনীয়। তাদের এই নীরব অবদানের কারণেই পাকিস্তান সৃষ্টির পথ সুগম হয়েছিল, যা ইতিহাসের পাতায় তাদের নামকে স্মরণীয় করে রাখবে।
সূত্র: গালফ বাংলা



















