প্রতিনিধি 14 August 2026 , 3:18:13 প্রিন্ট সংস্করণ

টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সানবান্দা গ্রামে গলায় শুকনা রুটি আটকে জান্নাত (১৩) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। জান্নাত স্থানীয় সূর্য তরুণ শিক্ষাঙ্গনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও সৌদি আরবপ্রবাসী আজগর আলীর মেয়ে।

জান্নাতের নানা সিদ্দিক হোসেন জানান, সন্ধ্যার সময় জান্নাত পড়তে বসেছিল। পড়ার ফাঁকে সে রুটি খাচ্ছিল, যা তার মা তাকে তৈরি করে দিয়েছিলেন। হঠাৎ রুটিটি তার গলায় আটকে যায়। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা সেলিম কবির জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
ঘটনার বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ হোসেন জানান, বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে জান্নাতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
সূত্র: প্রথম আলো



















