প্রতিনিধি 6 August 2026 , 10:24:28 প্রিন্ট সংস্করণ

দেশে হামের প্রকোপ বেড়েই চলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের (৬ আগস্ট) নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে ২ জন শিশু প্রাণ হারিয়েছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৮৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে ৯৬ জন এবং উপসর্গে ৭৬৪ জনের মৃত্যু হয়েছে।

সংক্রমণের হারও উদ্বেগজনক। গত একদিনে সারা দেশে নতুন করে ৮৫ জনের হাম শনাক্ত হয়েছে এবং আরও ৭৩৩ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা দিয়েছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে মোট ১৬ হাজার ৭৪০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
হাসপাতালে ভর্তির হার ও সুস্থতার চিত্রও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। গত ১৫ মার্চ থেকে ৬ আগস্ট পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ১৫ হাজার ৮৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৮৫৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিতভাবে এই রোগের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। গত কয়েক মাসে হামের এই প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও নতুন করে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা জনমনে উদ্বেগ সৃষ্টি করছে।
সেইসঙ্গে এই সময়ে নতুন করে আরও ৮১৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।
কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সূত্র: যুগান্তর



















