সারাদেশ

পূর্ব তিমুরের ডিজিটাল সিস্টেম তৈরিতে কাজ করবে বাংলাদেশি প্রতিষ্ঠান ড্রিম৭১

  প্রতিনিধি 8 September 2026 , 11:27:26 প্রিন্ট সংস্করণ

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপির সহায়তায় পূর্ব তিমুরের পরিকল্পনা মন্ত্রণালয়ের জন্য একটি অত্যাধুনিক ডিজিটাল সিস্টেম তৈরির কাজ পেয়েছে বাংলাদেশের প্রযুক্তি প্রতিষ্ঠান ড্রিম৭১ বাংলাদেশ লিমিটেড। এই প্রকল্পের আওতায় ‘স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম’ (এসপিআইএমআইএস) নামে একটি ওয়েবভিত্তিক প্ল্যাটফর্ম তৈরি করা হবে। এর মাধ্যমে দেশটির জাতীয় উন্নয়ন পরিকল্পনা, সরকারি বিনিয়োগ, বাজেট এবং উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি সমন্বিতভাবে পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনা করা সম্ভব হবে।

প্রস্তাবিত এই ডিজিটাল সিস্টেমটি পূর্ব তিমুরের কৌশলগত উন্নয়ন পরিকল্পনা ২০১১–২০৩০ এবং মধ্যমেয়াদি পরিকল্পনা ২০২৬–২০৩০ বাস্তবায়নের গতিপ্রকৃতি পর্যালোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে থাকা বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গীকারের অগ্রগতিও এই প্ল্যাটফর্মের ড্যাশবোর্ডে দেখা যাবে। সফটওয়্যারটিতে সরকারি বিভিন্ন সংস্থা থেকে তথ্য সংগ্রহ, যাচাই, অনুমোদন ও বিশ্লেষণের পাশাপাশি ইন্টারঅ্যাকটিভ ড্যাশবোর্ডের সুবিধা থাকবে, যা উন্নয়ন সূচক ও বাজেটের চিত্র বিশ্লেষণে সহায়তা করবে। আগামী ছয় মাসের মধ্যে এই প্রকল্পটি সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এই অর্জন নিয়ে ড্রিম৭১ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রাশাদ কবির বলেন, পূর্ব তিমুরের জাতীয় পর্যায়ের কৌশলগত পরিকল্পনা ও বিনিয়োগ ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ একটি ডিজিটাল সিস্টেম তৈরির দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এটি কেবল একটি সফটওয়্যার তৈরির প্রকল্প নয়, বরং একটি দেশের উন্নয়ন পরিকল্পনা ও বিনিয়োগ ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও কার্যকর করার একটি বড় উদ্যোগ। তিনি আরও জানান, ড্রিম৭১ এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছে। বিশেষ করে পূর্ব তিমুরে ইউএনডিপির সঙ্গে এটি তাদের চতুর্থ সফটওয়্যার তৈরির কাজ এবং সামগ্রিকভাবে ইউএনডিপির সঙ্গে ড্রিম৭১-এর ১৮টি প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সক্ষমতার স্বাক্ষর রাখছে বলে তিনি উল্লেখ করেন।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content