প্রতিনিধি 13 September 2026 , 2:00:49 প্রিন্ট সংস্করণ

দেশের জ্বালানি খাতের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং ক্রমবর্ধমান চাহিদার জোগান দিতে মার্কিন বহুজাতিক জ্বালানি কোম্পানি শেভরনকে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে আয়োজিত বৈঠকে এই আহ্বান জানান তিনি।

বৈঠকের বিষয়ে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন গণমাধ্যমকে বিস্তারিত তথ্য প্রদান করেন। তিনি জানান, আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ সম্প্রসারণ। বিশেষ করে, বর্তমানে চালু থাকা ও পুরোনো গ্যাসক্ষেত্রগুলোতে শেভরনের বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি নতুন নতুন গ্যাসক্ষেত্র সন্ধানে কোম্পানিটিকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
সাক্ষাৎকালে জ্বালানি খাতের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ংসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সূত্র: প্রথম আলো



















