সারাদেশ

রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২৫.২৫ মিলিয়ন ডলার অনুদান দিচ্ছে অস্ট্রেলিয়া

  প্রতিনিধি 6 August 2026 , 3:49:08 প্রিন্ট সংস্করণ

রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার জন্য বাংলাদেশকে আরও ২৫ দশমিক ২৫ মিলিয়ন ডলার অনুদান দিচ্ছে অস্ট্রেলিয়া। সোমবার (৩ আগস্ট) অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর যৌথভাবে এই সহায়তার ঘোষণা দেয়। ঢাকার পদ্মা স্টেট গেস্ট হাউসে আয়োজিত অনুষ্ঠানে এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল এবং ইউএনএইচসিআরের ভারপ্রাপ্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জুলিয়েট মুরেকেইসোনি। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রী জুলিয়ান হিল উপস্থিত ছিলেন। এই অর্থায়ন ইউএনএইচসিআরের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী সহায়তা ও সুরক্ষা কার্যক্রমে ব্যয় করা হবে।

প্রকল্পের আওতায় জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি, সুরক্ষা ও আশ্রয়ের পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। বিশেষ করে নারী, শিশু এবং প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজনীয় সেবায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বহু-বছর মেয়াদি এই অর্থায়নের ফলে সংকট মোকাবিলায় জরুরি সেবা কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখা সম্ভব হবে।

অস্ট্রেলিয়া জানিয়েছে, রোহিঙ্গা সংকট মোকাবিলায় তাদের নতুন তিন বছর মেয়াদি ৩৭০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের মানবিক সহায়তা প্যাকেজের অংশ এই অর্থ। ২০১৭ সাল থেকে এ পর্যন্ত রোহিঙ্গা সংকট মোকাবিলায় অস্ট্রেলিয়ার মোট প্রতিশ্রুত মানবিক সহায়তার পরিমাণ দাঁড়িয়েছে ১ দশমিক ২৬ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারে।

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল বলেন, ‘বাংলাদেশ ও মিয়ানমারে মানবিক সংকটে অস্ট্রেলিয়ার সহায়তা দেশটির বিশ্বব্যাপী সবচেয়ে বড় মানবিক সাড়া।’ তিনি আরও জানান, বাস্তুচ্যুত রোহিঙ্গা ও তাদের আশ্রয়দাতা জনগোষ্ঠীর পাশে অস্ট্রেলিয়া অবিচলভাবে থাকবে।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content