সারাদেশ

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা

  প্রতিনিধি 18 September 2026 , 4:01:14 প্রিন্ট সংস্করণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের দ্বিতীয় যাত্রীসেবা বা প্যাসেঞ্জার হ্যান্ডলিং অপারেটর হিসেবে চুক্তিবদ্ধ হতে পারলে প্রথম বছরেই ১২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাজ্যভিত্তিক বৈশ্বিক এভিয়েশন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘মেনজিস এভিয়েশন’। এই বিনিয়োগ কেবল বিমানবন্দর পরিচালনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং বাংলাদেশের এভিয়েশন খাতের সক্ষমতা বৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়নেও তা ব্যয় করা হবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের এই বিনিয়োগ কার্যক্রম বাস্তবায়ন হলে প্রথম বছরেই অন্তত ১ হাজার মানুষের সরাসরি কর্মসংস্থানের পথ তৈরি হবে। পাশাপাশি দেশের সার্বিক অর্থনীতি ও সরবরাহশৃঙ্খলে আরও সাড়ে ৪ হাজারের বেশি পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে তারা আশাবাদী। ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন মেনজিস এভিয়েশনের মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (অপারেশনস) জন হেন্ডারসন এবং মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়া অঞ্চলের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চার্লস উইলি।

দক্ষ জনশক্তি গড়তে ঢাকায় একটি ‘মেনজিস ট্রেনিং একাডেমি’ প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। আন্তর্জাতিক মানের এভিয়েশন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের দীর্ঘমেয়াদি ক্যারিয়ারের সুযোগ তৈরি করাই এর লক্ষ্য। এ ছাড়া এভিয়েশন সংশ্লিষ্ট প্রশিক্ষণ, ইন্টার্নশিপ এবং গ্র্যাজুয়েট পাথওয়ে চালুর বিষয়ে স্থানীয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে তারা। এই উদ্যোগের মাধ্যমে বিশ্বমানের কারিগরি ও ব্যবস্থাপনাগত দক্ষতা আদান-প্রদান সহজ হবে বলে মনে করছে মেনজিস এভিয়েশন।

অপারেটর নির্বাচনের ক্ষেত্রে কোনো ধরনের ভূরাজনৈতিক প্রভাব বা রাজনৈতিক সমীকরণের সম্ভাবনা রয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ব্রিটিশ হাইকমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিরেক্টর সাকিব এরশাদ বলেন, তারা এ প্রক্রিয়াটি নিয়ে অত্যন্ত আশাবাদী। তার মতে, অপারেটর নির্বাচন প্রক্রিয়াটি কোনো রাজনৈতিক প্রভাবমুক্ত এবং সম্পূর্ণ মুক্ত ও সুষ্ঠু প্রতিযোগিতার ভিত্তিতেই সম্পন্ন হবে। এ বিনিয়োগ যুক্তরাজ্য-বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content