প্রতিনিধি 20 September 2026 , 11:56:53 প্রিন্ট সংস্করণ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসনে যুদ্ধ বন্ধের লক্ষ্যে নিজেদের সুনির্দিষ্ট শর্তাবলি যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দিয়েছে ইরান। ইরান এই বার্তা পাঠানোর ক্ষেত্রে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতা নিয়েছে। বর্তমানে ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আনুষ্ঠানিক উত্তরের প্রতীক্ষায় রয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই। সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বিস্তারিত তুলে ধরেন।

মোহসেন রেজাই জানিয়েছেন যে, কাতার যুক্তরাষ্ট্রের কাছে এই বার্তা পৌঁছে দিয়েছে। এখন ট্রাম্পের উত্তরের জন্য অপেক্ষা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জবাবের জন্য অপেক্ষা করছি।’ তিনি আরও দাবি করেন, ইরানের এই শর্তগুলো মেনে চলা যুক্তরাষ্ট্রের দায়িত্ব। তার মতে, প্রেসিডেন্ট ট্রাম্প ইরান সম্পর্কে ভুল হিসাব-নিকাশ করছেন এবং তার হুমকি বাস্তবে পরিস্থিতির কোনো পরিবর্তন আনবে না। মোহসেন রেজাই আরও বলেন, তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নির্ণায়ক যুদ্ধের জন্য আগে থেকেই প্রস্তুত ছিলেন এবং মার্কিন বাহিনীর দুর্বলতা সম্পর্কে তাদের সম্যক ধারণা রয়েছে। এ কারণে মার্কিন বাহিনী ইরানের বিরুদ্ধে সফল হতে পারেনি। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা তাদের বিরুদ্ধে লড়াই করতে আগের চেয়ে আরও বেশি প্রস্তুত।’
সূত্র: গালফ বাংলা



















