প্রতিনিধি 12 September 2026 , 5:00:47 প্রিন্ট সংস্করণ

সোমবার (৭ সেপ্টেম্বর) আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইসরাইলকে উদ্দেশ্য করে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তুরস্ককে ঘিরে ফেলার যেকোনো ধরনের শত্রুতামূলক তৎপরতা বা অবরুদ্ধকরণের চেষ্টা আঙ্কারা কোনোভাবেই নীরবে সহ্য করবে না। তবে তিনি এও উল্লেখ করেন যে, তুরস্কের কোনো নির্দিষ্ট দেশ, ধর্ম, সমাজ বা সংস্কৃতির বিরুদ্ধে কোনো প্রকার শত্রুতা নেই।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার জন্য ইসরাইলকে সরাসরি দায়ী করে এরদোগান বলেন, ইসরাইলের উসকানিমূলক কর্মকাণ্ড ও নাশকতার প্রভাব কেবল ইরান বা উপসাগরীয় দেশগুলোতেই সীমাবদ্ধ নয়, বরং পুরো অঞ্চল এর নেতিবাচক ফল ভোগ করছে। তিনি আরও অভিযোগ করেন যে, ইসরাইলের মিথ্যাচার ও ধ্বংসাত্মক নীতির কারণেই ইসলামাবাদ সমঝোতা কার্যকর করা সম্ভব হয়নি। এই পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সঙ্গে তুরস্কের সম্পর্ক আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন এবং আঞ্চলিক ঐক্য ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন।
বৈঠকে উদ্ধার অভিযান ও অর্থনৈতিক পরিকল্পনা নিয়েও কথা বলেছেন তুর্কি প্রেসিডেন্ট। উত্তর সাইপ্রাসের উপকূলে জাহাজডুবির ঘটনায় নিখোঁজদের সন্ধানে তুরস্ক ৯টি জাহাজ ও ১১টি বিমান মোতায়েন করে উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলে তিনি জানান। পাশাপাশি, আঞ্চলিক অস্থিরতা সত্ত্বেও তুরস্কের অর্থনীতিকে আরও প্রতিযোগিতামূলক, শক্তিশালী ও স্থিতিশীল করে গড়ে তুলতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এরদোগান।
সূত্র: গালফ বাংলা


















