প্রতিনিধি 10 August 2026 , 5:21:50 প্রিন্ট সংস্করণ

সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৯ আগস্ট) ঘটা এই দুর্ঘটনায় নিহতদের সবার বাড়ি নওগাঁ ও নাটোর জেলায়। এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

সোমবার (১০ আগস্ট) এক শোকবার্তায় তারা নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন। শোকের এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছেন তারা।
দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। বর্তমানে নিহতদের পরিচয় শনাক্তকরণ এবং মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে বাংলাদেশ দূতাবাস।
এর আগে, রোববার (৯ আগস্ট) একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি নিহত হয়েছেন।
সূত্র: আলোকিত বাংলাদেশ



















