প্রতিনিধি 13 September 2026 , 8:56:39 প্রিন্ট সংস্করণ

কাতারে রাজমিস্ত্রির কাজ করার সময় মর্মান্তিক দুর্ঘটনায় আজম মিয়া (৩৫) নামের এক প্রবাসী বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। গতকাল শনিবার রাতে দেশটির একটি বহুতল ভবনে কাজ করার সময় রশি ছিঁড়ে তিনি নিচে পড়ে যান। নিহত আজম মিয়ার বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামে। দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর ধরে তিনি দোহায় কর্মরত ছিলেন।

পরিবার ও স্বজনদের ভাষ্যমতে, ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগে আজম তাঁর স্ত্রী সুলতানা বেগমের সঙ্গে ইমোতে কথা বলেছিলেন। দিনের প্রচণ্ড গরমের কারণে রাতে কাজ করতে হচ্ছে জানিয়ে তিনি স্ত্রীকে পরে কল দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু সেই কল আর আসেনি। আজ রোববার সকাল আটটার দিকে কাতারে থাকা পরিচিত ব্যক্তিদের মাধ্যমে পরিবারের কাছে তাঁর মৃত্যুর দুঃসংবাদ পৌঁছায়। এ দুর্ঘটনায় আজমের সঙ্গে থাকা আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ বর্তমানে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে রেখেছে।
নিহত আজম মিয়ার বড় ভাই মাতাব মিয়া জানান, চার ভাইয়ের মধ্যে আজম ছিলেন অন্যতম। দেশে তাঁর স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। আজমের উপার্জনেই পুরো পরিবার চলত। প্রায় দুই বছর আগে তিনি তিন মাসের ছুটিতে বাড়ি এসেছিলেন। বর্তমানে তাঁর লাশ দেশে আনার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রুশন মিয়া। তিনি জানান, আজ সকালে খবর পেয়েই তিনি আজমের বাড়িতে শোকাহত পরিবারের পাশে গিয়েছেন। এই আকস্মিক মৃত্যুতে আজমের পুরো পরিবার এখন চরম অনিশ্চয়তা ও বিপর্যয়ের মুখে পড়েছে।
সূত্র: প্রথম আলো













