প্রতিনিধি 3 August 2026 , 10:15:00 প্রিন্ট সংস্করণ

আসন্ন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক পর্যায়ের একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে কোনো পরিবর্তন আসছে না। আগের নিয়ম অনুযায়ী, এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ওপর ভিত্তি করেই শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণ এবং মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে এই ভর্তি কার্যক্রম পরিচালিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভর্তি প্রক্রিয়ায় বড় কোনো পরিবর্তন না এনে গতবারের নিয়ম বহাল রাখার প্রস্তাবসহ নীতিমালার খসড়া শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠানো হয়েছে।
আগামী ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে। এর আগে ২০ জুলাই ফল প্রকাশের তারিখ নির্ধারিত থাকলেও শিক্ষা বোর্ডগুলোর প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়। এই পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পাবেন। তবে সাধারণ কলেজ ও মাদ্রাসাগুলোতে ফলের ভিত্তিতে ভর্তি কার্যক্রম চললেও নটর ডেম কলেজ ও হলিক্রস কলেজের মতো চার্চ পরিচালিত বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আদালতের নির্দেশনা অনুযায়ী নিজস্ব ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দেশের উচ্চমাধ্যমিক পর্যায়ের কলেজ ও মাদ্রাসাগুলোতে বর্তমানে ২৬ লাখেরও বেশি আসন রয়েছে। বিপরীতে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৮ লাখ ৫৭ হাজারের কিছু বেশি। আসন সংখ্যার তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কম হওয়ায়, প্রতি বছরের মতো এবারও একাদশ শ্রেণিতে বিপুলসংখ্যক আসন ফাঁকা থাকার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: যুগান্তর



















