সারাদেশ

প্রবাসী ও রেমিট্যান্স আয়ে শীর্ষে চট্টগ্রাম: বিদেশ গমনেও এগিয়ে এই বিভাগের বাসিন্দারা

  প্রতিনিধি 9 September 2026 , 1:50:03 প্রিন্ট সংস্করণ

বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে মোট ৫০ লাখ ৫৩ হাজার বাংলাদেশি নাগরিক কর্মরত রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী চট্টগ্রাম বিভাগের। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, বিদেশে অবস্থানরত চট্টগ্রাম বিভাগের নাগরিকের সংখ্যা ২০ লাখ ৫১ হাজার ৯৫২ জন। গত দুই বছরে বিদেশ থেকে দেশে ফিরেছেন ১ লাখ ৫৪ হাজার প্রবাসী।

জাতীয় পর্যায়ে প্রবাসী আয় গ্রহণকারী পরিবারগুলোর ৩৫.২ শতাংশই চট্টগ্রাম বিভাগে বসবাস করে। এই আয় মূলত পল্লি অঞ্চলকেন্দ্রিক, যেখানে ১৬.৬ শতাংশ পরিবার রেমিট্যান্স গ্রহণ করে। এছাড়া সিটি করপোরেশন এলাকায় এই হার ৮.৭ শতাংশ এবং পৌরসভা বা অন্যান্য শহরাঞ্চলে ১২.৫ শতাংশ। উচ্চ অর্থনৈতিক সক্ষমতা, সম্পদের সহজলভ্যতা এবং উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে এই অঞ্চলের মানুষ বিদেশে পাড়ি জমানোর ক্ষেত্রে অন্য জেলার চেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের জেলাভিত্তিক তথ্যমতে, ২০২২-২৩ অর্থবছরে প্রবাসী আয়ে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে চট্টগ্রামে, যা প্রায় ৩২ শতাংশ। ওই অর্থবছরে দেশে মোট ২ হাজার ১৬১ কোটি মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছিল, যার মধ্যে ১৬১ কোটি ডলারই এসেছে চট্টগ্রাম জেলা থেকে। এছাড়া গত অর্থবছরের মোট প্রবাসী আয়ের প্রায় ২৮ শতাংশ বা ৫৯৬ কোটি ডলার এসেছে চট্টগ্রাম বিভাগের ১১ জেলা থেকে।

রেমিট্যান্স প্রবাহ বাড়াতে বর্তমানে প্রবাসীরা ৫ শতাংশ পর্যন্ত প্রণোদনা পাচ্ছেন। এর মধ্যে সরকারি ২.৫ শতাংশের সঙ্গে ব্যাংকগুলো নিজস্ব উদ্যোগে আরও ২.৫ শতাংশ পর্যন্ত প্রণোদনা যোগ করতে পারে। ২০২৩ সালে প্রবাসীরা ২১.৯২ বিলিয়ন ডলার এবং ২০২২ সালে ২১.২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। চলতি বছরের জানুয়ারিতে ২.১০ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে, যা গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী, বিগত বছরে চট্টগ্রাম জেলা থেকে ৬৪ হাজার ২০২ জন কর্মী বিদেশে গেছেন। সংস্থাটির চট্টগ্রামের সহকারী পরিচালক মোহাম্মদ আলী জানান, চট্টগ্রাম জেলার কর্মীরা মূলত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি, আজমান, দুবাই, কাতার ও ওমানে কাজ করতে যান। সেখানে কর্মসংস্থানের সুযোগ বেশি থাকায় এবং মালয়েশিয়ায় নতুন করে কর্মী যাওয়া শুরু হওয়ায় বিদেশ গমনে চট্টগ্রাম জেলা বর্তমানে শীর্ষ অবস্থানে উঠে এসেছে।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content