আন্তর্জাতিক

ইরানের বিভিন্ন শহরে মার্কিন বাহিনীর দফায় দফায় বিমান হামলা

  প্রতিনিধি 5 August 2026 , 4:04:21 প্রিন্ট সংস্করণ

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীর ওপর অতর্কিত হামলার চেষ্টার কঠোর প্রতিশোধ হিসেবে ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। বার্তাসংস্থা আনাদোলুর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৩০ জুলাই) এই সামরিক অভিযান পরিচালিত হয়। সেন্টকমের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার রাত ৮টায় এবং ইরানের স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টায় এই হামলা শুরু হয়। মার্কিন বাহিনীর ওপর ইরানের হামলার চেষ্টার জবাব দিতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সেন্টকম।

এর আগে মিশরে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ট্যাংকারে ড্রোন হামলার ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এবার যুক্তরাষ্ট্রের পালা এবং তারা ইরানের ওপর খুব কঠোরভাবে আঘাত হানবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এর আগে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে তেহরানও উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছিল।

সর্বশেষ এই হামলার পর দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের তীব্র শব্দ শোনা গেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে, খুজেস্তান প্রদেশের আবাদানে মার্কিন বাহিনী বেশ কিছু স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। একই সঙ্গে হরমোজগান প্রদেশের বন্দরনগরী বন্দর আব্বাসে দুটি বড় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এছাড়া আবু মুসা, কিশ এবং কেশম দ্বীপেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে হরমোজগান প্রদেশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, সিরিক শহরে কোনো হামলার ঘটনা ঘটেনি।

আইআরআইবি আরও জানিয়েছে, ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত বুশেহর প্রদেশেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিমের তথ্যমতে, কেশম দ্বীপের ভেতরে তিনটি বিস্ফোরণ ঘটেছে এবং স্থানীয়দের দাবি অনুযায়ী একটি ক্ষেপণাস্ত্র আবাসিক এলাকায় আঘাত হেনেছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের হামলা শুরুর পর দক্ষিণ ইরানের একাধিক স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সেন্টকম জানায়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (২৯ জুলাই) রাত ৮টা (ইরানের স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টা) থেকে ইরানে এ হামলা শুরু হয়।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content