জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদে আরও চারটি সংসদীয় কমিটি গঠন সম্পন্ন

  প্রতিনিধি 11 September 2026 , 5:01:04 প্রিন্ট সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম আরও গতিশীল করতে নতুন করে চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে সংসদের সব মিলিয়ে ৫০টি সংসদীয় স্থায়ী কমিটির গঠন প্রক্রিয়া সম্পন্ন হলো। চিফ হুইপ মো. নুরুল ইসলাম সংসদে এই কমিটিগুলো গঠনের পাশাপাশি বিদ্যমান দুটি কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

নবগঠিত চারটি কমিটির মধ্যে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এসব কমিটিতে নতুন সভাপতিও নিয়োগ দেওয়া হয়েছে। নরসিংদী-৫ আসনের মো. আশরাফ উদ্দিন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির দায়িত্ব পেয়েছেন। শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহমেদ অপু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির এবং শরীয়তপুর-১ আসনের সাঈদ আহমেদ জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন। এছাড়া বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও চিফ হুইপ মো. নুরুল ইসলামকে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।

নতুন কমিটি গঠনের পাশাপাশি বিদ্যমান কয়েকটি সংসদীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। তবে পুনর্গঠিত এই কমিটিগুলোর সভাপতি পদে কোনো পরিবর্তন আনা হয়নি। পুনর্গঠিত কমিটিগুলোর তালিকায় রয়েছে বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

পুনর্গঠিত বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫)। উল্লেখ্য, জাতীয় সংসদে মন্ত্রণালয় সম্পর্কিত ৩৯টি স্থায়ী কমিটিসহ মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে, যার মধ্যে ১১টি হলো বিষয়ভিত্তিক কমিটি।

Facebook Comments Box

আরও খবর

Sponsered content