প্রতিনিধি 15 September 2026 , 5:52:58 প্রিন্ট সংস্করণ

নির্বাচন কমিশন (ইসি) আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে স্থানীয় সরকার নির্বাচনের কথা ঘোষণা করলেও, সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো তথ্যই পাওয়া যায়নি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এ সংক্রান্ত কোনো আলোচনা সরকারের সঙ্গে হয়নি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মীর শাহে আলম বলেন, নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করেছে এমন তথ্য তিনি গণমাধ্যম মারফত জানতে পেরেছেন। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরকারের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পত্র বা যোগাযোগ করা হয়নি। প্রতিমন্ত্রী আরও বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান এবং নির্বাচন করার আইনি ক্ষমতা তাদের রয়েছে। তবে প্রচলিত নিয়ম অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে সরকারের সাথে আলোচনা, প্রস্তুতি সভা এবং আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির বৈঠকের মাধ্যমেই নির্বাচনের সময়সূচি ও বাজেট চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।
এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরের মাঝামাঝি সময়ে আয়োজনের বিষয়টি জানিয়েছিলেন। কিন্তু কমিশনের এই ঘোষণার বিপরীতে সরকারি পর্যায় থেকে এই অস্পষ্টতার বিষয়টি এখন আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: আলোকিত বাংলাদেশ



















