প্রতিনিধি 13 September 2026 , 6:55:21 প্রিন্ট সংস্করণ

আওয়ামী লীগসহ দলটির সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে করা রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালত রিট আবেদনটি ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করেছেন।

এর আগে মুন্সীগঞ্জের শ্রীনগরের বাসিন্দা মো. আল আমিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা ওই প্রজ্ঞাপনের বৈধতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছিলেন। রিট আবেদনে ২০২৫ সালের ১২ মে জারিকৃত প্রজ্ঞাপনটি কেন আইনগত কর্তৃত্ব-বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারির আর্জি জানানো হয়েছিল। এছাড়া রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রজ্ঞাপনটির কার্যকারিতা স্থগিত রাখার প্রার্থনাও করেছিলেন রিটকারী।
উল্লেখ্য, ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপন অনুযায়ী, আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড, মিছিল, সভা-সমাবেশ, সম্মেলন, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা এবং প্রকাশনা নিষিদ্ধ করা হয়েছে।
সূত্র: মানবজমিন



















