প্রতিনিধি 19 September 2026 , 1:19:28 প্রিন্ট সংস্করণ

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সেবা আরও সহজ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সংস্থাটির কার্যক্রমের ডিজিটাল ট্রান্সফরমেশন উদ্বোধন করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। গত বৃহস্পতিবার রাজধানীর টিসিবি সম্মেলনকক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রযুক্তি হবে মানুষের কল্যাণের জন্য এবং এর মাধ্যমে সেবা হবে সহজ, স্বচ্ছ ও মর্যাদাপূর্ণ।

মন্ত্রী বলেন, দেশের যেকোনো পণ্য উৎপাদক পর্যায় থেকে খুচরা বাজারে পৌঁছানোর পর দামের একটা ব্যবধান তৈরি হয়। আবার সাময়িক সরবরাহ ঘাটতিও বাজারে অস্থিরতা সৃষ্টি করে। এ অবস্থায় স্বল্প আয়ের মানুষের কাছে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে টিসিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে টিসিবির সেবায় স্বচ্ছতা বাড়ানোর পাশাপাশি প্রকৃত উপকারভোগীর কাছে সরকারি ভর্তুকির সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হবে।
মন্ত্রী আরও জানান, টিসিবির এই ডিজিটাল রূপান্তরের ফলে চলতি অর্থবছরে গত বছরের তুলনায় প্রায় ৩০০ থেকে ৩৫০ কোটি টাকার সরকারি ভর্তুকি সাশ্রয় হবে। আগামী ৪ থেকে ৫ বছরের মধ্যে প্রযুক্তির সহায়তায় সঠিক উপকারভোগী নির্বাচন এবং কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে ভর্তুকির অপচয় উল্লেখযোগ্য হারে কমিয়ে আনার লক্ষ্য রয়েছে সরকারের।
অনুষ্ঠানে জানানো হয়, টিসিবির সেবাকে স্বচ্ছ করতে ব্যাপক ডিজিটাল উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর ও অন্যান্য তথ্য যাচাই করে ইতিমধ্যে প্রায় ৫৯ লাখ অযোগ্য আবেদনকারীকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং একটি যাচাইকৃত ডিজিটাল ডেটাবেস তৈরি করা হয়েছে। বর্তমানে প্রায় ৭৯ লাখ উপকারভোগী টিসিবির সেবার আওতায় রয়েছেন, যা ভবিষ্যতে ১ কোটিতে উন্নীত করার লক্ষ্যমাত্রা রয়েছে।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. খালেদ হোসেন মাহবুব ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান।
সূত্র: আলোকিত বাংলাদেশ



















