প্রতিনিধি 6 September 2026 , 12:12:40 প্রিন্ট সংস্করণ

সংসদীয় কার্যক্রম এড়িয়ে মাত্র ছয় মাসের মাথায় রাজপথে লংমার্চের নামে বিরোধীদল গণতন্ত্রকে বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, রাজপথে লংমার্চের কর্মসূচিকে কেন্দ্র করে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ব্যক্তিগত পর্যায়ে অশ্রাব্য ও আপত্তিকর ভাষা ব্যবহার করা হচ্ছে। এসব কর্মকাণ্ডকে দলের পক্ষ থেকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হচ্ছে, যা স্পষ্টত অপরাধমূলক। তিনি আরও বলেন, এসব অপপ্রচারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলে বিরোধীদল সেটিকে দমন-পীড়ন হিসেবে আখ্যায়িত করে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র করছে।
জ্বালানি ও অর্থনৈতিক সংকট নিয়ে বিরোধী দলের ভূমিকার সমালোচনা করে রিজভী বলেন, তারা শুধু সমালোচনাতেই ব্যস্ত, অথচ সংকট নিরসনে কোনো গঠনমূলক প্রস্তাবনা তাদের নেই। সংসদে এসব বিষয়ে আলোচনা না করে তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। দেশের রিজার্ভ বৃদ্ধি পাওয়ার মতো ইতিবাচক অর্জনগুলোকেও তারা জনগণের সামনে আড়াল করার চক্রান্ত করছে। সরকার ব্যর্থ—এমন দাবি তুলে রাজপথে আন্দোলন করলেও সাধারণ মানুষ তাদের এই ভূমিকা ভালোভাবে দেখছে না বলেও তিনি মন্তব্য করেন।
বিএনপির পাঁচ দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি শ্রদ্ধা রেখে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লাগানো সব ব্যানার ও বিলবোর্ড অবিলম্বে সরিয়ে ফেলা হবে। সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সূত্র: মানবজমিন



















