প্রতিনিধি 23 August 2026 , 11:17:45 প্রিন্ট সংস্করণ

কাতারে এক সড়ক দুর্ঘটনায় পা ভেঙে গুরুতর আহত হওয়া এক ব্যক্তিকে ৪ লাখ ৫০ হাজার কাতারি রিয়াল ক্ষতিপূরণ দেওয়ার রায় বহাল রেখেছেন দেশটির বিনিয়োগ ও বাণিজ্য আদালতের আপিল বিভাগ। এই অর্থ চালক এবং সংশ্লিষ্ট বীমা কোম্পানিকে যৌথভাবে পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, চালকের অবহেলা ও ট্রাফিক আইন অমান্য করার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছিল। এর আগে ট্রাফিক আদালত অভিযুক্ত চালককে ১০ হাজার রিয়াল জরিমানা করলেও পরবর্তীতে আপিলের মাধ্যমে তা কমিয়ে ৫ হাজার রিয়াল করা হয়। তবে শারীরিক ও মানসিক যন্ত্রণা এবং চিকিৎসার ব্যয়ভার মেটাতে ভুক্তভোগী চালক ও বীমা কোম্পানির কাছে মোট ১০ লাখ রিয়াল ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করেন।
মামলাটি পরিচালনার সময় ভুক্তভোগীর আইনজীবী রওদা বেহজাদ আদালতে প্রয়োজনীয় নথিপত্র ও আইনি যুক্তি উপস্থাপন করেন। আদালত শুনানিতে নিশ্চিত হয় যে, চালকের ভুলেই দুর্ঘটনাটি ঘটেছে এবং আইন অনুযায়ী বীমা কোম্পানিকেও এর দায়ভার গ্রহণ করতে হবে। প্রাথমিক আদালতের দেওয়া ৪ লাখ ৫০ হাজার রিয়াল ক্ষতিপূরণের নির্দেশটিই আপিল বিভাগ বহাল রেখেছেন। বীমা কোম্পানি এই রায়ের বিরুদ্ধে আপিল করলেও আদালত তা খারিজ করে দেয়।
ক্ষতিপূরণের এই অংক নির্ধারণের ক্ষেত্রে আদালত ভুক্তভোগীর বয়স, পেশা, চিকিৎসার খরচ এবং দুর্ঘটনার ফলে সৃষ্ট মানসিক কষ্টের বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করেছে। (তথ্যসূত্র: আল শার্ক পত্রিকা)
সূত্র: গালফ বাংলা



















