প্রতিনিধি 17 August 2026 , 10:17:36 প্রিন্ট সংস্করণ

বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রকাশিত প্রতিবেদনকে অনুমাননির্ভর বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি শুনেছি, সেটা (জাতিসংঘের প্রতিবেদন) পড়িনি। আমি না দেখে বলতে পারবো না।’ তিনি আরও বলেন, প্রতিবেদনটিতে হয়তো কিছু পর্যবেক্ষণ থাকতে পারে, তবে তা না দেখে কোনো মন্তব্য করা সম্ভব নয়। সরকার প্রতিবেদনটি আমলে নিচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, ‘আমরা আমলে নিচ্ছি না। রিপোর্টও এখনো পড়িনি। তাছাড়া, পত্রিকা থেকে যতটুকু শুনেছি, ওখানে বলা হয়েছে- তারা অনুমান করেছে যে, এ রকম হতে পারে। অনুমাননির্ভর কোনো রিপোর্টের ওপর আমরা নির্ভর করতে পারি না।’

গত ছয় মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিষয়টা জনগণ বলবে। আমরা তো সবসময় বলব- আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি। তবে জনপ্রত্যাশা অনুযায়ী তা উন্নীতকরণের জন্য আরও সময়ের প্রয়োজন। বর্তমান সরকার মাত্র ছয় মাস পার করেছে এবং এই সময়ের মধ্যে অনেক সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ১৮০ দিনের মধ্যে সরকারের বাস্তবায়িত এবং যেগুলো শুরু করেছে, এমন অনেক কর্মসূচি প্রশংসিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা একটি সংকটময় মুহূর্ত খুব সফলতার সাথে মোকাবেলা করেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসনীয় বিভিন্ন উদ্যোগও ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সূত্র: মানবজমিন



















